সিলেটটুডে ডেস্ক | ১৬ নভেম্বর, ২০১৫
মোবাইল ‘সিম ক্লোন’ করে এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানকে হত্যার হুমকি দেয়া হয় বলে পুলিশ কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন। ওই মৌলবাদী ব্যক্তিকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি শহীদুল হক।
সোমবার (নভেম্বর ১৬) পুলিশ সদর দফতরে দায়িত্বপালনকালে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক অনুদান ও শোকবার্তা প্রদান অনুষ্ঠানে তিনি বিষয়টি জানান।
আইজিপি একে এম শহীদুল হক বলেন, যে সিম ব্যবহার করে স্যারকে হুমকি দেওয়া হয়েছিলো আমরা সেটি শনাক্ত করেছি। অনুসন্ধানে আমরা জানতে পেরেছি, ওই সিমটি ক্লোন করে স্যারকে হুমকি দেওয়া হয়েছে।
সিমটি যার নামে রেজিস্ট্রেশন করা ছিলো পুলিশ তাকে শনাক্ত করেছে। তবে সিমের আসল মালিক স্যারকে হুমকি দেননি। ওই সিমটি ক্লোন করে অন্য ব্যক্তি এ কাজ করেছেন। পুলিশ তাকেও শনাক্ত করেছে বলে জানান মহাপরিদর্শক।
গত ১০ নভেম্বর শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে টেলিফোনে প্রাণনাশের হুমকি দেয়া হয়।
এদিকে, হত্যার হুমকির নাম্বার প্রাপ্তির পর সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম এক অনুসন্ধানী ও প্রযুক্তিনির্ভর পোস্ট দিয়ে জানিয়েছিল এ সিমটি সালেহ ফুয়াদ নামের কোন ব্যক্তির নামে নিবন্ধত থাকতে পারে। প্রতিবেদনে ট্রু-কলার মোবাইল এপ্লিকেশন ও ফেসবুকের সাহায্য নেওয়া হয়েছিল।
এর পরের দিন ১১ নভেম্বর পুলিশ জানায়, যে নাম্বার দিয়ে অধ্যাপক আনিসুজ্জামানকে হুমকি দেয়া হয়েছিলো সেই নাম্বারটি সালেহ ফুয়াদ নামে নিবন্ধিত থাকতে পারে।
হুমকি পাওয়ার পর আনিসুজ্জামান গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
গত ১০ নভেম্বর উগ্র ধর্মীয় গোষ্ঠী কর্তৃক দেশে চলমান লেখক-প্রকাশক হত্যা ও হত্যা চেষ্টার বিচার চেয়ে বিবৃতি প্রদান করেছেন দেশের ৩৮ বিশিষ্ট নাগরিক। বিবৃতিদাতাদের এ তালিকায় অধ্যাপক আনিসুজ্জামানের নাম ছিল।