Sylhet Today 24 PRINT

রাবির স্থগিত পরীক্ষা শুরু ২০ জুন থেকে সশরীরে

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুন, ২০২১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯ সালের স্থগিত পরীক্ষাগুলো আগামী ২০ জুন থেকে শুরু হবে। এ ছাড়া ২০২০ সালের আটকে থাকা পরীক্ষাগুলো আগামী ৪ জুলাই থেকে শুরু হবে। সব পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩ জুন) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অনুষদ ডিন, বিভাগের সভাপতি ও ইনস্টিটিউট পরিচালকের মধ্যকার সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক একরামুল হামিদ বলেন, ২০১৯ সালে যেসব বিভাগে পরীক্ষা শুরু হয়েছিল কিন্তু করোনার জন্য স্থগিত হয়ে গেছে সেসব বিভাগে ২০ জুন থেকে পরীক্ষা শুরু হবে। আর ২০২০ সালের আটকে থাকা পরীক্ষা আগামী ৪ জুলাই থেকে শুরু হবে।

তিনি আরও বলেন, বিভাগের একাডেমিক কমিটি নির্ধারিত তারিখকে সামনে রেখে নিজেদের সুবিধা মতো রুটিন তৈরি করে পরীক্ষা নেবে। সিলেবাস সংক্ষিপ্ত করার প্রয়োজন হলে, সংশ্লিষ্ট বিভাগের একাডেমিক কমিটিও সিদ্ধান্ত নিতে পারবে।

এক প্রশ্নের জবাবে অধ্যাপক একরামুল হামিদ বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে পরীক্ষা হবে। যেহেতু প্রচলিত নিয়মে সশরীরে পরীক্ষা নেওয়ার কথা রয়েছে সুতরাং পরীক্ষা সশরীরেই হবে। তবে প্রত্যেক বিভাগ ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে ছাত্রদের আগে থেকে অবহিত করতে হবে। যাতে কেউ পরীক্ষা মিস না করে।

তবে রাবির রুটিন ভিসি অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, পরীক্ষা চলাকালে হল খোলা হবে না। শিক্ষার্থীদের বাইরে থেকেই পরীক্ষা দিতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.