সিলেটটুডে ডেস্ক | ০৪ জুন, ২০২১
এবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাজেটোত্তর সংবাদ সম্মেলন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রথা ভেঙে ২০২০-২১ অর্থবছরের এই বাজেটোত্তর সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়।
শুক্রবার (৪ জুন) বিকাল ৩টায় ভার্চুয়ালি এই সংবাদ সম্মেলন শুরু হয়েছে। রীতি অনুযায়ী বাজেটের পরদিন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়।
অর্থমন্ত্রী বলেন, আমাদের দেশের কর্মসংস্থান বৃদ্ধিতে সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে। আমাদের এই বাজেট হচ্ছে ব্যবসাবান্ধব বাজেট। ব্যবসায়ীরা ব্যবসা করবেন, আর তারা ব্যবসা করা মানেই হচ্ছে দেশে নতুন কর্মসংস্থান বৃদ্ধি পাওয়া। কারণ তারা নতুন নতুন উদ্যোগ নিলে কর্মসংস্থান বাড়বে। আমারা চাই দেশীয় ট্যাগ অর্থাৎ ‘মেড ইন বাংলাদেশ’ আছে বা যেখানেই সম্ভাবনা আছে সেখানেই আমরা কাজে লাগাবো। আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে ব্যবসার জন্য। কারণ আমরা চাই কর্মসংস্থান বাড়াতে।
উল্লেখ্য, এবারের বাজেটের আকার দাঁড়িয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি তৃতীয় বাজেট। আর বাংলাদেশের জন্য এটি ৫০তম বাজেট। পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ১৮তম বাজেট হলেও ২০০৮ সাল থেকে বর্তমান সরকারের টানা ১৩তম বাজেট।