Sylhet Today 24 PRINT

আমরা ঋণ নেবো না, দেবো: অর্থমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুন, ২০২১

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ভারতসহ অন্য দেশের চেয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখন ঋণ দেওয়ার সময় এসে গেছে। আমরা ঋণ নেবো না, ঋণ দেবো।

শুক্রবার বাজেট পরবর্তী ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, বাজেটে ২০২১-২২ অর্থবছরের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২ শতাংশ ধরা হয়েছে, গত বাজেটে ৮ দশমিক ২ শতাংশ ধরা হয়েছিল। বর্তমান পরিস্থিতি বেশিদিন থাকবে না। দেশ স্বাভাবিক হলে আবারও বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। আমরা প্রবৃদ্ধি অর্জন করে দেখাবো। আমরা এর আগে যা বলেছি তাই করেছি এবারও করে দেখাবো।

তিনি আরও বলেন, ৭ দশমিক ২ অর্জন করবো। সারা বিশ্ব যখন নিচের দিকে যাচ্ছে আমরা উপরের দিকে যাচ্ছি। আমরা যা বলি তাই করি। জিডিপি প্রবৃদ্ধিও অর্জন করে দেখাবো। আমারা সারা পৃথিবীতে আলোচনার বিষয়- আপনারা মানেন আর না মানেন। আমাদের ডেট টু জিডিপি ৪০ এর নিচে। সময় যত যাচ্ছে আমাদের জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বাড়ছে।

গতবছরের মত এবারও বাজেটের পরদিন অর্থমন্ত্রীর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় অনলাইনে। সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী, উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান ও সচিবরাও তাতে যুক্ত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.