সিলেটটুডে ডেস্ক | ০৬ জুন, ২০২১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান তুষ্টি ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার রুমমেট।
বেশ কয়েকদিন ধরে তু্ষ্টি অ্যাজমা ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছেন তুষ্টির রুমমেট এবং বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রাহনুমা তাবাসসুম রাফি।
তিনি বলেন, তুষ্টির ঠান্ডাজনিত সমস্যা ছিলো। ওর অ্যাজমা ছিলো, ইনহেলার নিতে হতো। ওর শ্বাসকষ্টের সমস্যাও ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন তুষ্টি ঠান্ডাজনিত সমস্যার কারণেই মারা গেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আমরা মেডিকেল রিপোর্টের অপেক্ষা করছি।তার মৃত্যুর কারণ জানার চেষ্টা করছি। এ বিষয়ে প্রক্টরিয়াল টিম কাজ করছে।
রোববার সকালে রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের ইউনিট ২-এর ১৮ নম্বর ভবনের নিচতলায় একটি রুমের বাথরুমের দরজা ভেঙে উদ্ধার করা হয় ২১ বছর বয়সী ইসরাত জাহান তুষ্টির মরদেহ।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. সাইফুল ইসলাম জানান, তুষ্টি আরও একজন শিক্ষার্থীর সঙ্গে কোয়ার্টারের বাসাটিতে সাবলেট ভাড়া থাকতেন।
সকালে তার রুমমেট ঘুম থেকে উঠে বাথরুমের দরজা ভেতর থেকে লাগানো দেখতে পায়। তবে ভেতরে কলের পানি পড়ছিল। এরপর ওই রুমমেট ৯৯৯-এর মাধ্যমে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা পরে ওই বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, তুষ্টির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তুষ্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি নেত্রকোণার আটপাড়া উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের মো. আলতাফ হোসেনের মেয়ে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ৪২২ নম্বর কক্ষে থাকতেন। তবে হল বন্ধ থাকায় সে আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে সাবলেট থাকতেন।