Sylhet Today 24 PRINT

মামুনুলকে বাদ দিয়ে হেফাজতের কমিটি ঘোষণা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জুন, ২০২১

হেফাজতে ইসলামের ৩৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাওলানা মামুনুল হকসহ বিভিন্ন মামলায় আটক নেতাদের বাদ দিয়েছে হেফাজতে ইসলাম। কমিটিতে আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব হয়েছেন নুরুল ইসলাম জিহাদী।

রাজধানীর খিলগাঁও চৌরাস্তা মাদ্রাসায় সোমবার (৭ জুন) বেলা সোয়া ১১টার দিকে সংবাদ সম্মেলেনে এ কমিটি ঘোষণা করা হয়।

এদিকে হেফাজতের আগের কমিটিতে যুগ্ম মহাসচিবের দায়িত্বে থাকা আলোচিত নেতা মামুনুল হকের জায়গা হয়নি সংগঠনটির নতুন কমিটিতে।

তবে কমিটিতে সহকারী মহাসচিব করা হয়েছে সংগঠনটির সাবেক আমির আহমদ শফীর বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানীকে।

নতুন কমিটিতে স্থান পাননি হেফাজতের আরেক জ্যেষ্ঠ নেতা আজিজুল হক ইসলামাবাদীও। তিনি সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

গত ২৫ এপ্রিল গ্রেপ্তার অভিযানের মুখে সরকারের সঙ্গে সমঝোতার চেষ্টা ব্যর্থ হওয়ার পর কওমি মাদ্রাসাকেন্দ্রিক সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়। এর কয়েক ঘণ্টার মধ্যে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা দেয় কওমিভিত্তিক সংগঠনটি।

বিলুপ্ত কমিটির আমির জুনায়েদ বাবুনগরীকেই এই কমিটির প্রধান করা হয়। আগের কমিটির মহাসচিব নুরুল ইসলাম জেহাদীকে আহ্বায়ক কমিটির মহাসচিব আর সিনিয়র নায়েবে আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীকে করা হয় প্রধান উপদেষ্টা। সদস্য করা হয়েছে আল্লামা সালাহউদ্দীন নানুপুরী ও মিজানুর রহমানকে (পীরসাহেব দেওনা)।

হেফাজতে ইসলামের নতুন কমিটি এমন একসময় ঘোষণা করা হয়েছে, যখন আগে বাবুনগরীপন্থি হিসেবে পরিচিত সংগঠনটির সাবেক নায়েবে আমির ও মধুপুরের পীর আবুদল হামিদ পক্ষ ত্যাগ করে শফীপন্থিদের সঙ্গে যোগ দিয়েছেন।

২ জুন শফীপন্থিদের এক সংবাদ সম্মেলনে যোগ দিয়ে তিনি বাবুনগরীকে গ্রেপ্তার ও আহ্বায়ক কমিটিকে অবৈধ ঘোষণার দাবির প্রতি একাত্মতা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.