Sylhet Today 24 PRINT

চীন থেকে টিকা দেশে আনার প্রয়াস অব্যাহত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জুন, ২০২১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীন থেকে দেড় কোটি ডোজ করোনাভাইরাসের টিকা সিনোভ্যাক কেনার জন্য সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে। শিগগিরই এই টিকা দেশে আনার প্রয়াস অব্যাহত আছে।

সোমবার (৭ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে নেত্রকোনা-৩ আসনের অসীম কুমার উকিলের প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সংসদকে এ তথ্য জানান। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন বলে ঘোষণা দেওয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন সরকার থেকে ৫ লাখ ডোজ টিকা উপহার পাওয়া গেছে। এই টিকা ২৫ মে থেকে প্রয়োগ শুরু হয়েছে। আরও ৬ লাখ ডোজ অনুদান হিসেবে শিগগিরই পাওয়া যাবে। সেরাম থেকে তিন কোটি ডোজ টিকা ক্রয়ের চুক্তি হয়েছিল। এর মধ্যে ৭০ লাখ ডোজ পাওয়া গেছে। চুক্তি মোতাবেক বাকি ২ কোটি ৩০ লাখ ডোজ সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সেরামের সরবারাহকৃত ৭০ লাখ এবং ভারত সরকারের উপহারে পাওয়া ৩২ লাখ ডোজের মধ্যে ১ কোটি ডোজ টিকা প্রদান হয়েছে।

তিনি বলেন, রাশিয়া থেকে ১ কোটি ডোজ স্পুটনিক ভি কেনা প্রক্রিয়াধীন। ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকাদান শিগগিরই শুরু হবে। করোনাভাইরাসের টিকা সংগ্রহের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এই জন্য বিভিন্ন দেশ ও টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হচ্ছে। এছাড়াও দেশে টিকা উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রযুক্তি হস্তান্তরের জন্য বিভিন্ন দেশ ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে।

তিনি জানান, বর্তমানে দেশে করোনা রোগীদের জন্য প্রায় ২ শত হাসপাতাল রেডি রয়েছে। এসব হাসপাতালে প্রায় ২৫ হাজার সিট রয়েছে। তাছাড়া উত্তর সিটি করপোরেশন একটি কোভিড হাসপাতাল তৈরি করেছে। বর্তমানে করোনা রোগীদের জন্য সিটের কোন সমস্যা হচ্ছে না। অক্সিজেনও আমরা মজুত করেছি।

সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বেসরকারি চিকিৎসা সেবা আইন প্রণয়নের কাজ ২০০৮ সালে শুরু হলেও বিভিন্ন কারণে এখনও তা চূড়ান্ত হয়নি। পর্যায়ক্রমে এ আইনের সংস্কার কার্যক্রম করা হয়েছে। সবশেষ ২০১৯ সালে স্বাস্থ্য সুরক্ষা আইন ২০১৯ নামে ওই আইনটি প্রণয়নের কার্যক্রম মন্ত্রণালয়ে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আইনটি দ্রুত করার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.