Sylhet Today 24 PRINT

হাসপাতাল ছড়লেন রণদীপম বসু

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০১৫

লেখক সুদীপ কুমার বর্মন ওরফে রণদীপম বসু সুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছেড়েছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসকের ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন বলে জানা গেছে। তবে রণদীপমের সাথে হামলায় আহত তারেক রহিমের দীর্ঘ মেয়াদী চিকিৎসার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন ডাক্তাররা।

এর আগে, গত ১২ নভেম্বর প্রকাশক আহমেদুর রশীদ টুটুল সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. খাজা আবদুল গফুর সাংবাদিকদের জানান, রণদীপম বসু সুস্থ হওয়ায় সোমবার সকালেই চিকিৎসকরা তার ছাড়পত্র দেন। আনুষ্ঠানিকতা শেষে সোমবার সন্ধ্যায় তিনি বাসায় ফিরে গেছেন।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে চাপাতি দিয়ে ‍কুপিয়ে আহত করা হয় টুটুল, রণদীপম বসু ও তারেক রহিমকে।

একইদিন জাগৃতির প্রকাশক ফয়সল দীপনকে শাহবাগের কার্যালয়ে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। টুটুল ও দীপন বিজ্ঞানলেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.