Sylhet Today 24 PRINT

পাপুলের এমপি পদ রাখার রিট খারিজ

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুন, ২০২১

মানব ও অর্থপাচারের অভিযোগে কুয়েতের আদালতে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের কাজী শহিদ ইসলাম পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটটি খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

লক্ষ্মীপুর-২ আসনে কাজী শহিদ ইসলাম পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে তার স্ত্রী হাই কোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে মঙ্গলবার আদেশের জন্য দিন ঠিক করে দেয় আদালত। আদেশে আদালত রিটটি সরাসরি খারিজ করে দেয়।

গত ২২ ফেব্রুয়ারি মানব ও অর্থ পাচারের দায়ে কুয়েতের একটি আদালতের রায়ের পর পাপুলের সংসদ সদস্যপদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয়।

লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা করে ২১ জুন ভোটগ্রহণের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

গত ২৮ জানুয়ারি কাজী শহিদ ইসলাম পাপুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেয় কুয়েতের একটি আদালত। পাশাপাশি তাকে ১৯ লাখ কুয়েতি রিয়াল বা ৫৩ কোটি টাকা জরিমানাও করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.