Sylhet Today 24 PRINT

নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ২

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুন, ২০২১

নরসিংদীর বেলাবোতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৮ জুন) রাতে উপজেলার দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় উত্তেজিত গ্রামবাসী ডাকাতদের ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার রসুলপুর গ্রামের মৃত আতাউর মিয়ার ছেলে জুয়েল (২৬) ও একই গ্রামের শহিদুল মিয়ার ছেলে নাদিম (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, রাত নয়টার দিকে নিহত ডাকাত ও জুয়েলসহ ৪/৫ জনের একটি দল বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দরিকান্দি এলাকায় সড়কে একটি সিএনজি অটোরিকশায় ডাকাতির চেষ্টা চালায়। ওই সময় সিএনজি অটোতে থাকা যাত্রীরা চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে ডাকাতদের ঘিরে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও দুইজনকে ধরে ফেলে এলাকাবাসী। পরে উত্তেজিত গ্রামবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেন পলাশ বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.