Sylhet Today 24 PRINT

শিগগিরই মন্ত্রিপরিষদে যাচ্ছে শিক্ষা আইন: শিক্ষামন্ত্রী

সিলেটটুডে ডেস্ক: |  ০৯ জুন, ২০২১

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত হয়েছে। শিগগিরই তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।

বুধবার 'চাইল্ড পার্লামেন্টে সেশন-২০২১' অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, 'আমরা দীর্ঘদিন ধরে শিক্ষা আইন করার চেষ্টা করছি। সেই শিক্ষা আইনের খসড়াটি করোনাকালেই চূড়ান্ত করেছি। এখন মন্ত্রিপরিষদে যাবে। এরপর আরও কয়েকটি প্রক্রিয়া রয়েছে। সেগুলো সম্পন্ন করে সংসদে যাবে। সেখানে পাস হলে আমরা আইনটি বাস্তবায়ন করতে পারব।'

চাইল্ড পার্লামেন্টে অনলাইন শিক্ষাসহ এ ক্ষেত্রে বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপের তথ্য উঠে আসে। এ সময় চাইল্ড পার্লামেন্টে বিভিন্ন প্রস্তাবনা ও সমস্যা সমাধানের বিষয় তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

চাইল্ড পার্লামেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, 'অন্যের জরিপ নয়, নিজেরা জরিপ করে প্রকৃত অবস্থা তুলে ধরতে হবে। সমস্যা সমাধানের জন্য সুপারিশ করতে হবে।'

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক চাইল্ড পার্লামেন্টে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.