Sylhet Today 24 PRINT

পরীমণিকে ‘ধর্ষণ ও হত্যাচেষ্টায়’ জড়িতদের শাস্তি দাবি সংসদে

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুন, ২০২১

চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি ‘ধর্ষণ ও হত্যার চেষ্টার’ সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। সোমবার (১৪ জুন) জাতীয় সংসদে আয়োডিনযুক্ত লবণ বিল-২০২১ আইনটি পাসের সময় জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাব ও সংশোধনীর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি তোলেন।

তিনি বলেন, পরীমণি বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী। সে যে ঘটনার শিকার হয়েছে, চারদিন থেকে সে বিচারপ্রার্থী। কিন্তু বিচার পাচ্ছে না। এটি কী অসত্য? মুনিয়ার ঘটনা ঘটলো। এগুলো যারা ঘটাচ্ছে তারা মাফিয়া।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে হারুন বলেন, সত্যিকার অর্থে যে বিষয়গুলো আজকে বিরাট আকারের সরকারকে নাড়া দিয়েছে সেই বিষয়গুলোকে সরকার দৃষ্টিতে নেবেন।

এর আগে জনমত যাচাইয়ের সময় হারুন বলেন, বাংলাদেশে আইন আছে কিন্তু তার ব্যবহার নাই। পরীমণির মতো অভিনেত্রী ধর্ষণ ও নির্যাতনের শিকার। কিন্তু আইন থাকার পরও বিচার পাচ্ছেন না।

পরীমণির প্রসঙ্গ টেনে হারুনুর রশীদ বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নাই। অবশ্যই এর সঙ্গে জড়িদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। গতকাল এ ব্যাপারে সমস্ত মিডিয়ায় প্রচার হয়েছে আমার আর কি বলার আছে।

ধর্ষণ ও হত্যা চেষ্টা অভিযোগ তুলে রোববার নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি পোস্ট দেন পরীমণি। পরে রাতে সংবাদ সম্মেলন করে ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (বিনোদন ও সংস্কৃতি) নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ করেন। সোমবার সাভার থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা করেন পরীমণি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.