Sylhet Today 24 PRINT

ঢাকায় এসে ব্যস্ত সময় পার করছেন ডাচ রাণী

নিউজ ডেস্ক |  ১৭ নভেম্বর, ২০১৫

সোমবার (১৬ নভেম্বর) সকালে তিন দিনের সফরে ঢাকায় এসে বিকেলে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন বা পিকেএসএফে বৈঠক শেষে হোটেল সোনারগাঁওয়ে ফিরে গেছেন ডাচ রাণী ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতি। সেখানেই তার দিনের বাকি কর্মসূচি অনুষ্ঠিত হবে। রাত্রিযাপনও করবেন সেখানেই।

দুপুরে তিনি রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফে বৈঠক করেন।

এর আগে, সকাল ৮টা ২৫ মিনিটে রানিকে বহনকারী প্লেনটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তিন দিনের সফরে বাংলাদেশে এসে ব্যস্ত সময় পার করছেন নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা।

পিকেএসএফের আগে তিনি ঢাকার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কার্যালয় পরিদর্শন করেন এবং সেখানে একটি বৈঠকে অংশ নেন।

বিকেলে পিকেএসএফের গোল টেবিল বৈঠকে শেষ করে ফিরে যান হোটেল সোনারগাঁওয়ে। সেখানে তিনি আরও একটি বৈঠকে অংশ নেবেন বলে জানা যায়।

এছাড়া সোমবার তার হোটেলের বাইরে কোনো কর্মসূচি নেই বলে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

জাতিসংঘ মহাসচিব বান কি মুনের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবার জন্য অর্থনৈতিক সেবার সচেতনতা বাড়ানোই ডাচ রাণীর এ সফরের উদ্দেশ্য।

সফরে রাণী ম্যাক্সিমা রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

এর বাইরে সুশীল সমাজের প্রতিনিধি, বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগী অংশীদারদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে গাজীপুরে সফরের কথাও রয়েছে রাণীর।

তবে নিরাপত্তার কথা মাথায় রেখে গাজীপুর সফরের বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.