Sylhet Today 24 PRINT

নাসির ‘ভালো লোক’: সংসদে এমপি চুন্নু

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুন, ২০২১

নায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযুক্ত এবং গ্রেপ্তার হওয়া নাসির উদ্দিন মাহমুদের পক্ষে সাফাই গাইলেন জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। মঙ্গলবার (১৫ জুন) সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান চুন্নু তার দলের প্রেসিডিয়াম সদস্য নাসিরকে ‘ভালো লোক’ বলে আখ্যা দেন।

এর আগের দিন সোমবার সংসদে বিএনপির হারুনুর রশীদ পরীমণির অভিযোগের পরিপ্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার দাবি তোলেন। এর জবাব দিতে গিয়ে মঙ্গলবার চুন্নু বলেন, ‘গতকাল সংসদে একজন সদস্য নায়িকা পরীমণির জন্য বিচার চেয়েছেন। এ ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছেন, তাকে চিনি। উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন তিনি। তিনি জাতীয় পার্টি করেন। তিনি ভালো লোক। মিডিয়াকে অনুরোধ করব...’

তবে তার বক্তব্য সম্পূর্ণ করার আগেই মাইক বন্ধ হয়ে যায়। আবাসন ব্যবসায়ী হিসেবে পরিচয় দেওয়া নাসির জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য।

নায়িকা পরীমণির অভিযোগ, গত ৮ জুন উত্তরার কাছের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণের চেষ্টা চালিয়েছিলেন নাসির। তখন তাকে মারধরও করা হয়। তবে এই অভিনেত্রীর অভিযোগ অস্বীকার করে, নাসির উল্টো ঘটনার জন্য পরীমণিকে দায়ী করেছেন।

এর আগে জাতীয় পার্টির এই এমপি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খাপছাড়া’ কবিতা আবৃত্তি করে বলেন, ‘অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা অনেক বড়। বাসায় বসে পড়েছি। আগামাথা কিছুই পাইনি।

বিদেশে টাকা পাচারকারীদের নাম সংসদে চাওয়ার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রীর উদ্দেশে চুন্নু বলেন, পাচারকারীদের নাম অর্থমন্ত্রী খুঁজে বের করুন। সংসদ সদস্যদের নাম বের করতে বলছেন কেন? তারা তো আর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নেই যে নাম বের করবে। এত ফিরিস্তি দিলেন। আপনার গোয়েন্দা আছে; আরও কত সংস্থা আছে আপনি বের করুন। মিডিয়ায় দেখেছি এই সংসদের একজন এমপির স্ত্রী কানাডায় বাড়িতে হেঁটে বেড়াচ্ছেন।

বিএনপি দলীয় এমপি হারুনুর রশীদের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে জাপার এই এমপি বলেন, ‘বিএনপির হারুন সাহেব বলেছেন, দুদক কেন আমাদের সম্পদের খোঁজ নিচ্ছে না। এলাকায় গেলে লোকে বলে পাঁচ লাখ টাকা দেন। যদি বলি এত টাকা কোথায় পাব? বলে, এমপি-মন্ত্রীদের টাকার অভাব আছে নাকি? আমাদের সম্পদের খোঁজ নিন। সঙ্গে সামরিক-বেসামরিক আমলা-ব্যবসায়ীদের সম্পদের হিসাব নিন। আমরাও দেব। নির্বাচনের সময় আমলনামায় যে হিসাব দিয়েছিলাম তার থেকে বেশি পাওয়া যায় আমি ফেরত দেব। নিয়ে যাক। আমরা যারা প্রশাসনিক দায়িত্বে আছি আমাদের সম্পদের হিসাব নেওয়া হোক। সরকার আদেশ দিক। সম্পদের হিসাব দেওয়া হোক।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.