সিলেটটুডে ডেস্ক | ২৩ জুন, ২০২১
চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে খুব শিগগরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, পরীক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি নিয়ে আর বেশি দিন উদ্বেগের মধ্যে থাকতে হবে না।
মঙ্গলবার (২৩ জুন) শিক্ষামন্ত্রী দেশের ৪৩ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি ও টিউশন ফি প্রদান সংক্রান্ত এক ভার্চুয়াল অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।
এ বিষয়ে দীপু মনি বলেন, ‘আমরা জানি এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা ভীষণ উদ্বেগের মধ্যে আছে। আমরা এটা নিয়ে ব্যাপক আলোচনা করছি। আমরা খুব শিগগিরই সিদ্ধান্তটি জানিয়ে দেব। আর বেশি দিন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে থাকতে হবে না।
তিনি আরও বলেন, ‘২০২০ সালে এসএসসি পরীক্ষা হয়েছিল সেটার ফলাফল আমরা প্রকাশ করেছি। এইচএসসি বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করেছি।’
এ সময় উপবৃত্তি ও টিউশন ফি’র বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ২০২১ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বাবদ মোট এক হাজার ৭৮ কোটি ৯২ লাখ ৭৮ হাজার ১০ টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে উপবৃত্তি বাবদ ২৯ হাজার ৩০১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪২ লাখ ৮৪ হাজার ৯২৮ শিক্ষার্থীকে মোট ৮৮২ কোটি ৯৩ লাখ ৫০ হাজার ৬০০ টাকা প্রদান করা হয়। এছাড়া শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ দেওয়া হয় ১৯৫ কোটি ৯৯ লাখ ২২ হাজার ৪১০ টাকা।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় এসব অর্থ ইএফটি’র মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে বলেও উল্লেখ করেন দীপু মনি।