Sylhet Today 24 PRINT

সাঈদ খোকনের মা, স্ত্রী ও বোনের ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুন, ২০২১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠানসহ মোট ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া তার মা ফাতেমা হানিফের একটি, বোন শাহানা হানিফের দুটি ও স্ত্রী ফারহানা আলমের দুটি অ্যাকাউন্ট রয়েছে।

সোমবার (২৮ জুন) ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর গণমাধ্যমকে বলেন, অভিযোগের ভিত্তিতে দুদক রোববার (২৭ জুন) সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠান, স্ত্রী ফারহানা আলমের দুইটি, বোন শাহানা হানিফের দুইটি ও মায়ের একটি ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করে। আদালত আবেদনটি মঞ্জুর করেন।’

তিনি বলেন, ‘মামলার অনুসন্ধান চলাকালে দুদকের উপ পরিচালক জালাল উদ্দিন আহমেদ রোববার ব্যাংক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধের আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করেছেন। ’

যে ৮টি ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে সাঈদ খোকনের ব্যবসা প্রতিষ্ঠানের ৩টি অ্যাকাউন্ট রয়েছে। এছাড়া তার মা ফাতেমা হানিফের একটি, বোন শাহানা হানিফের দুটি ও স্ত্রী ফারহানা আলমের দুটি অ্যাকাউন্ট রয়েছে।  

আবেদনে বলা হয়, ওই ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক  বিপুল পরিমাণ অর্থ লেনদেন করা হয়েছে। অভিযোগটি সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ব্যাংক হিসাবগুলো থেকে যেন অর্থ উত্তোলন, স্থানান্তর বা হস্তান্তর করা না যায়, সে বিষয়টি নিশ্চিত করতে ব্যাংক হিসাবগুলো জরুরিভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।

আবেদনে আরও বলা হয়, অভিযুক্তরা ওই ব্যাংক হিসাবের অর্থ স্থানান্তর করতে চেষ্টা করেছেন; যা তদন্তে উঠে এসেছে। অভিযোগ নিষ্পত্তি পর্যন্ত না হওয়া পর্যন্ত এসব অস্থাবর সম্পত্তি স্থানান্তর বা হস্তান্তর হয়ে গেলে রাষ্ট্রের ব্যাপক ক্ষতি হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.