সিলেটটুডে ডেস্ক | ২৮ জুন, ২০২১
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে কঠোর বিধিনিষেধ। এবার এই কঠোর বিধিনিষেধ পুলিশের ‘মুভেমন্ট পাস’ থাকবে না। তাই জরুরি সেবা ছাড়া মানুষ ঘর থেকেও বের হতে পারবে না।
সোমবার (২৮ জুন) মন্ত্রীসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, এবার ‘মুভমেন্ট পাস’ থাকবে না। কেউ বের হতে পারবে না। তবে যারা জরুরি কাজে জড়িত, তারা বের হতে পারবেন বলে জানান তিনি। তিনি বলেন, ‘ধরেন, দাফন-কাফন করতে হবে, সেটা তো বাসায় করা যাবে না, সে সময় বের হওয়া যাবে। রোগী নিয়ে হাসপাতালে যেতে পারবেন, সে ক্ষেত্রে বের হতে পারবেন।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এবার কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ, বিজিবি, ব্যাটালিয়ন পুলিশ ছাড়াও সেনাবাহিনী টহলে থাকবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদের যতটুকু সম্ভব, ততটুকু কর্তৃত্ব দেওয়া হয়েছে। কোনোভাবেই মানুষ যাতে বের হতে না পারে, সেটা তারা মনিটর করবে। কেউ কথা না শুনলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পোশাক কারখানা, রপ্তানিমুখী শিল্পকারখানা ও রিকশা চলবে কি না এবং অন্যান্য বিষয় নিয়ে আগামীকাল বিস্তারিত নোটিশ দেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠক থেকে গতবারের মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় গরিব মানুষকে, বিশেষ করে শহরের গরিব মানুষকে সহায়তায় ব্যবস্থা নিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
উল্লেখ্য, গত ঈদুল ফিতরের আগে শুরু হওয়া বিধিনিষেধে পুলিশের পক্ষ থেকে অনলাইনভিত্তিক ‘মুভমেন্ট পাস’ চালু করা হয়েছিল। এই ‘মুভমেন্ট পাস’ নিয়ে মানুষ বাইরে বের হওয়ার সুযোগ পেত।