Sylhet Today 24 PRINT

লকডাউনে খোলা থাকবে পুঁজিবাজার

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুন, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউনের মধ্যেও খোলা থাকবে পুঁজিবাজার।

লকডাউন নিয়ে বুধবার প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক খোলা থাকবে। তবে ব্যাংকিং সেবা কীভাবে হবে সেটা নিশ্চিত করবে বাংলাদেশ ব্যাংক।

পুঁজিবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিএসইসি আগেই জানিয়েছিল, ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারে লেনদেনও চলবে।

বিএসইসির মুখপাত্র রেজাউল করিম বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পুঁজিবাজারের লেনদেন সময় নির্ধারণ করা হবে।’

গত বছর করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার লকডাউন আরোপ করলে প্রায় দেড় মাস বন্ধ রাখা হয় পুঁজিবাজারের লেনদেন। এরপর কয়েক দফায় লকডাউন ঘোষণা করা হলেও ব্যাংকের সঙ্গে তাল মিলিয়ে চালু রাখা হয় পুঁজিবাজারের লেনদেনও।

ব্যাংক ও পুঁজিবাজার ছাড়াও খোলা থাকছে তৈরি পোশাক খাতসহ অন্য শিল্প-কারখানাও। তবে নিজস্ব ব্যবস্থাপনায় কারখানার কার্যতক্রম চালু রাখার ক্ষেত্রে নিশ্চিত করতে হবে স্বাস্থ্যবিধি।

কঠোর লকডাউন বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার দেয়া প্রজ্ঞাপনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত মানুষের চলাচল নিয়ন্ত্রণে থাকবে কঠোর বিধিনিষেধ। চলবে না কোনো গণপরিবহন। বন্ধ থাকবে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি অফিস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.