Sylhet Today 24 PRINT

ভিসার জন্য শিক্ষার্থীদের চলাচলে বাধা নেই: পররাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুন, ২০২১

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশে যেসব শিক্ষার্থী পড়তে যাবেন, তারা তাদের ভিসা সংগ্রহ ও ভিসার সাক্ষাৎকার দিতে নির্বিঘ্নে যাতে দূতাবাসে যেতে পারেন, তা নিশ্চিত করা হবে। এ জন্য পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বুধবার (৩০ জুন)পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের এ তথ্য জানান।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই (বৃহস্পতিবার) সকাল ছয়টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ।

এতে বলা হয়, আরোপিত বিধিনিষেধের সময় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌপথে গণপরিবহনসহ সব ধরনের যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। অভ্যন্তরীণ উড়োজাহাজ চলাচলও বন্ধ থাকবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, লকডাউনে বিদেশি দূতাবাসগুলো জরুরি ভিসা সেবার জন্য খোলা থাকবে। ভিসা নিতে শিক্ষার্থীরা দূতাবাসে যাতায়াতের সুযোগ পাবেন। তিনি জানান, শিক্ষার্থীরা তাদের দূতাবাসে যাওয়ার বিষয়টি সুরাহার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছিলেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.