হবিগঞ্জ প্রতিনিধি | ০৫ জুলাই, ২০২১
হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার চিকিৎসক ডা. রেজাউল করিমের জরিমানার টাকা ফিরিয়ে দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে আদায় করা জরিমানার ২০ হাজার টাকা তাকে ফেরত দেয়া হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
সোমবার (৫ জুলাই) সকালে আজমিরিগঞ্জ উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা চিকিৎসকের জলসুখা গ্রামের বাড়িতে গিয়ে এ টাকা ফেরত দিয়েছেন। চিকিৎসক নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মতিউর রহমান খান বলেন, দণ্ডাদেশপ্রাপ্ত চিকিৎসক আপিল করেছিলেন। তিনি একজন করোনাযোদ্ধাও। এই দুইটি বিষয় বিবেচনায় তার জরিমানা টাকা মওকুফ করা হয়েছে। তাকে ২০ হাজার টাকা ফেরত দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২ জুলাই (শুক্রবার) হবিগঞ্জের আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়ন বাজারে চিকিৎসক রেজাউল করিমের মালিকানাধীন ‘পপুলার ফিজিওথেরাপি’ নামে প্রতিষ্ঠানে রোগীদের ভিড় দেখতে পেয়ে ম্যাজিস্ট্রেট শোয়েব শাত-ঈল ইভান চিকিৎসক রেজাউল করিমকে স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা সেবা দেওয়ার জন্য সতর্ক করেন।
পরদিন ৩ জুলাই শনিবার আবারও কাকাইলছেও ইউনিয়ন বাজারে পপুলার ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে রোগীদের ভিড় দেখতে পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ (২) ধারা অমান্য করায় পপুলার ফিজিওথেরাপি সেন্টারের স্বত্বাধিকারী চিকিৎসক রেজাউল করিমকে নগদ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ম্যাজিস্ট্রেট শোয়েব শাত-ঈল ইভান।