Sylhet Today 24 PRINT

বিএনপি-জামায়াতের প্ররোচনায় বিদেশে অপপ্রচার চলছে: তথ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক: |  ০৬ জুলাই, ২০২১

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সরকারকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াতের প্ররোচনা ও ব্যবস্থাপনায় একটি গোষ্ঠী বিদেশে বসে অপপ্রচার চালাচ্ছে।’

দেশবাসীকে বিভ্রান্ত করতে ওই গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু ওয়েবপোর্টালে দেশের বিরুদ্ধে গুজব রটাচ্ছে। এসব গুজবের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার থাকতে হবে।

মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতাদের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

মূলত 'চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন ২০২১' পাস হওয়ায় তথ্যমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতেই নেতারা সাক্ষাৎ করেন।

এ সময় চলচ্চিত্রশিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, সহসভাপতি ডিপজল, রুবেলসহ অভিনেত্রী রোজিনা, অঞ্জনা, অরুণা বিশ্বাস, তমা মির্জা, মিষ্টি জান্নাত, ববি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতাপত্র হস্তান্তর করেন। আইনটি গত শনিবার সংসদে পাস হয়।

মন্ত্রী আরও বলেন, কল্যাণ ট্রাস্টের জন্য চলচ্চিত্রশিল্পীদের দাবি অনেক পুরোনো হলেও আগে কেউ এতে কর্ণপাত করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যখন চলচ্চিত্রশিল্পীরা এই দাবি উত্থাপন করেন, তখন তিনি এটি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেশে যখন লকডাউন চলছে, সেই পরিস্থিতির মধ্যেও দিনরাত কাজ করে আইনটি সংসদে আনা হয়েছে।

তথ্যমন্ত্রী এ আইন প্রণয়নে দ্রুত সহায়তা দেওয়ার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, সদস্য এবং সংসদ সদস্য ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভূমিকার প্রশংসা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.