Sylhet Today 24 PRINT

ঢাকা মেডিকেলে দান করা হবে মুবিনুল হায়দারের দেহ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জুলাই, ২০২১

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, প্রবীণ রাজনীতিবিদ মুবিনুল হায়দার চৌধুরী আর নেই।

মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানা।

তিনি জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত মাসের ২৭ তারিখে তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হন। কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

৮ জুলাই (বৃহস্পতিবার) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেকে দেয়া হবে। মৃত্যুর আগে তিনি তার দেহ দান করে গেছেন।

মুবিনুল হায়দার চৌধুরীর মৃত্যুতে তার দল বাসদ (মার্কসবাদী) তিন দিনব্যাপী শোক পালনের কর্মসূচি নিয়েছে। দলের সব কার্যালয়ে এই তিনদিন পার্টির পতাকা অর্ধনমিত থাকবে বলে জানা গেছে।

অশীতিপর মুবিনুল হায়দার চৌধুরী গত ১৪ মার্চ গোসল করতে গিয়ে বাথরুমে পড়ে যান। এতে তার মাথায় আঘাত লাগে ও রক্তপাত হয়। তার মেরুদণ্ডের একটি হাড়ও ভেঙে যায় এবং স্নায়ুতে চাপ লাগার কারণে দুই হাত, দুই পা আংশিক অবশ হয়ে পড়ে।

তারপর থেকে অসুস্থ ছিলেন তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২৭ জুন থেকে তিনি হাসপাতালেই ছিলেন।

তিনি হাইপারটেনশন, ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগে আক্রান্ত ছিলেন।

বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা মানস নন্দী বলেন, “শেষ ইচ্ছা অনুযায়ী মুবিনুল হায়দার চৌধুরীর মরদেহ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজে দান করা হবে।”

মুবিনুল হায়দার একসময় ভারতের কমিউনিস্ট দল সোশালিস্ট ইউনিটি সেন্টারে (এসইউসিআই) যুক্ত ছিলেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি দেশে ফেরেন।

স্বাধীনতার পর গঠিত জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের অভ্যন্তরে মতাদর্শিক বিতর্ক শুরু হলে ১৯৮০ সালে আ ফ ম মাহবুবুল হক ও খালেকুজ্জামানের নেতৃত্বে একটি অংশ বেরিয়ে বাসদ গঠন করে।

জাসদ ভেঙে বাসদ হওয়ার পেছনে মুবিনুল হায়দারের সক্রিয় ভূমিকা ছিল। তাকে বাসদের তাত্ত্বিক নেতা মনে করা হত।

পরে আ ফ ম মাহবুবুল হক ও খালেকুজ্জামানের মধ্যে মতভেদ দেখা দিলে বাসদ আবার ভাঙে। তখন খালেকুজ্জামান নেতৃত্বাধীন অংশকেই ছায়া দিয়ে ছিলেন মুবিনুল হায়দার।

২০১৩ সালে খালেকুজ্জামানের বাসদ থেকে বেরিয়ে বাসদ (মার্কবাদী) গঠন করেন মুবিনুল হায়দার চৌধুরী ও শুভ্রাংশু চক্রবর্তী।

বলা হয়, এসইউসিআইয়ের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষকে আন্তর্জাতিক সাম্যবাদী আন্দোলনের ‘অথরিটি’ না মানায় আলাদা বাসদ গঠন করেন মুবিনুল হায়দার। তার সঙ্গে তখন শুভ্রাংশু চক্রবর্তী ছিলেন। পরে শুভ্রাংশু চক্রবর্তীও বাসদ (মার্কসবাদী) থেকে বেরিয়ে আলাদা দল গঠন করেন। ফলে বাসদের একটি অংশ নিয়েই ছিলেন মুবিনুল হায়দার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.