নিজস্ব প্রতিবেদক | ০৭ জুলাই, ২০২১
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর সার্জারী অনুষদের ডীন ও সার্জিক্যাল অনকোলজি বিভাগের অধ্যাপক, প্রফেসর ডা. ছয়েফ উদ্দীন আহমেদকে একই বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য পদে নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল কাদের স্বাক্ষরিত আদেশে তাকে তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। তার গ্রামের বাড়ি মৌলভীবাজারে।
ডা. ছয়েফ উদ্দীন আহমেদ নিজ এলাকায় বিভিন্ন সামজিক কর্মকান্ডের সাথেও জড়িত। গ্রামের বাড়ি নাজিরাবাদ সাহেব বাড়িতে স্থাপিত সাহেববাড়ি ফাউন্ডেশন এর মাধ্যমে এবং নানাবাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কুরশা খাগাউড়া সাহেব বাড়িতে স্থাপিত তার নানা দেওয়ান মুতিউর রহমান চৌধুরী স্মৃতি সংসদের মাধ্যমে তিনি প্রতিমাসে বিনামুল্যে দরিদ্র, অসহায় রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রতিষ্ঠাতা (১৯৮৩) ক্রীড়া সম্পাদক, এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি (১৯৮৮৪-৮৫) এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের কার্যকরী পরিষদের নির্বাচনে (২০০৩) প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। তিনি অত্র বিশ্ববিদ্যালয়ের তিনবারের সিন্ডিকেট মেম্বার, বাংলাদেশ সোসাইটি অব ব্রেস্ট সার্জনস এর সভাপতি, এশিয়ান সোসাইটি অব ব্রেস্ট সার্জনস এর ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ সোসাইটি অব সার্জনস এবং বাংলাদেশ সোসাইটি অব লেপারোস্কোপিক সার্জনস এর কার্যকরী কমিটির সদস্য।
ডা. ছয়েফ উদ্দীন আহমেদ বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) এবং বাংলাদেশ মেডিক্যাল রিচার্স কাউন্সিল (বিএমআরসি) কর্তৃক প্রকাশিত জার্নালের রিভিও প্যানেলের মেম্বার।