সিলেটটুডে ডেস্ক | ০৮ জুলাই, ২০২১
করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি ও করোনাভাইরাসের আক্রান্ত রোগীদের শয্যা সংখ্যা বাড়াতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)।
বৃহস্পতিবার (৮ জুলাই) সারাদেশের সব বিভাগ ও জেলার সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। ভাইরাসের প্রাদুর্ভাবরোধে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জরুরি করণীয় ও চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে ভিডিও কনফারেন্সে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
ভিডিও কনফারেন্সে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, ‘উপসর্গ/লক্ষণযুক্ত ব্যক্তিদের অবশ্যই ঘরে থাকার অনুরোধ জানাচ্ছি। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের মাধ্যমে আইসোলেশন নিশ্চিত করতে হবে।’
মূলত সারাদেশে করোনার প্রাদুর্ভাব রোধে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জরুরি করণীয় ও চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে এ ভিডিও কনফারেন্স হয়।
ওই সময় করোনার উপসর্গ বা লক্ষণযুক্ত সব ব্যক্তিকে অবশ্যই ঘরে থাকার অনুরোধ জানান মুখ্যসচিব। প্রয়োজনে তাদের স্থানীয় প্রশাসনের মাধ্যমে আইসোলেশন নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
এ ছাড়াও অক্সিজেন সরবরাহ বৃদ্ধিসহ হাসপাতালগুলোতে করোনার রোগীদের শয্যা সংখ্যা বাড়াতে নানামুখী পদক্ষেপ নেয়ার নির্দেশনাও দেন তিনি।