Sylhet Today 24 PRINT

নারায়ণগঞ্জে কারখানায় আগুনে অর্ধশতাধিক মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুলাই, ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কার্টন কারখানার আগুনে পুড়ে অর্ধশতাধিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক দেবাশীষ বর্ধণ জানান, এরই মধ্যে পুড়ে মারা যাওয়া ১৯ জনের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া অন্তত ৪০ জনের মরদেহ ভবনের ভেতর থাকতে পারে বলে জানান তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভুলতার কর্ণগোপ এলাকায় হাশেম ফুড বেভারেজ কোম্পানির কার্টন ফ্যাক্টরিতে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

শুক্রবার বেলা ১২টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেনি ফায়ার সার্ভিস।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেজান জুস কারখানার সাততলা ভবনটির নিচতলায় কার্টন ফ্যাক্টরি থেকে আগুনের সূত্রপাত। আগুনের লেলিহান শিখা একপর্যায়ে পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

ভবনে আগুন ছড়িয়ে পড়লে শ্রমিকরা ছোটাছুটি শুরু করেন। কেউ কেউ ভবনের ছাদে অবস্থান নেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এমন প্রায় ২৫ জনকে রশি দিয়ে ছাদ থেকে নামিয়েছেন।

তাদের দাবি, ভেতরে এখনও শ্রমিক আটকে আছেন। কয়েকজনকে পুড়তেও দেখা গেছে।

বৃহস্পতিবার রাতে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, হাশেম ফুড বেভারেজ কোম্পানির কারখানার নিচতলার কার্টনের ফ্যাক্টরি থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ডেমরা, কাঞ্চন, ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ডাম্পিং চলছে।

তিনি বলেন, ‘এটি একটি ফুড বেভারেজ কারখানা। এখানে জুসসহ কোমল পানীয় তৈরি করা হয়। ওই কারখানার নিচতলার কার্টনের ফ্যাক্টরিতে আগুনের সূত্রপাত ঘটে। তবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।’

‘কারখানায় আটকা পড়া সব শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করবে ফায়ার সার্ভিস’- বলেন এই কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.