Sylhet Today 24 PRINT

লকডাউন শিথিল না করে ১৪ দিন বাড়ানোর সুপারিশ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুলাই, ২০২১

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার উঠতির মধ্যে চলমান লকডাউন শিথিল করার সরকারি সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কমিটির আহ্বান লকডাউন শিথিল না করে আরও ১৪ দিন বাড়ানো হোক।

লকডাউন বাড়ানোর সুপারিশ জানিয়ে বুধবার রাতে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

বিবৃতিতে বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৪১তম অনলাইন সভা সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়। তবে সভার সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমকে তারা মঙ্গলবার রাতে জানিয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সারা দেশে কোভিড-১৯ এ সংক্রমণ ও মৃত্যুর হার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এ অবস্থায় লকডাউন শিথিল করার সরকারী সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। সভায় জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি চলমান কঠোর লকডাউন আরও ১৪ দিন বাড়ানোর সুপারিশ করেন।

লকডাউনের অংশ হিসেবে কমিটি কোরবানির হাট বন্ধ রাখার প্রস্তাব করেন। প্রয়োজনে ডিজিটাল হাট পরিচালনার ব্যবস্থাও করা যেতে পারে। তবে সরকার লকডাউন শিথিল করে সীমিত পরিসরে কোরবানির হাট পরিচালনার সিদ্ধান্ত নিলে, সেক্ষেত্রে সংযুক্ত বিধিনিষেধগুলো প্রয়োগের বিষয়ে সুপারিশ করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সরকার সারা দেশে কোভিড-১৯ পরীক্ষার সংখ্যা ধীরে ধীরে বাড়াচ্ছে যা সন্তোষজনক। জাতীয় পরামর্শক কমিটির আগের সভার সুপারিশের প্রেক্ষিতে বেসরকারী পর্যায়ে করোনা পরীক্ষার মূল্য পুননির্ধারণ করায় সরকারকে ধন্যবাদ জানানো হয়।

দৈনিক পরীক্ষার সংখ্যা আরও বাড়ানোর জন্য বেসরকারী পর্যায়েও পরীক্ষা বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যে পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিটের দাম আরও কমায় করোনা পরীক্ষার ফি কমিয়ে ১০০০-১৫০০ টাকার মধ্যে নির্ধারণের পরামর্শ দেয়া হয়।

এছাড়া বর্তমানে অনেক কোভিড ডেডিকেটেড হাসপাতালে শয্যার অতিরিক্ত রোগী ভর্তি আছে। এ অবস্থায় চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ফিল্ড হাসপাতাল স্থাপন জরুরি হয়ে উঠেছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যেই বিভিন্ন পর্যায়ে ফিল্ড হাসপাতাল স্থাপনের উদ্যোগ নিয়েছে। এমন উদ্যোগকে সভায় অভিনন্দন জানানো হয় এবং দ্রুত সময়ে সেগুলো বাস্তবায়নের অনুরোধ করা হয়।

সরকারের নিরন্তর চেষ্টায় দেশে কোভিড-১৯ এর টিকা সুলভে প্রাপ্তি সম্ভব হয়েছে এবং আবারও সারা দেশে একযোগে টিকা কার্যক্রম শুরু হওয়ায় সরকারকে ধন্যবাদ জানানো হয়।

করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ মোকাবিলায় সরকার ১ জুলাই থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ জারি করে। পরবর্তীতে এই লকডাউন আরও সাত দিন বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়।

এ সময়ে জরুরি পরিষেবার দপ্তর ছাড়া সব ধরনের সরকারি-বেসরকারি অফিস বন্ধ রয়েছে। সরকারের এ নিষেধাজ্ঞা যারা মানছেন না, তাদের পেলেই ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.