Sylhet Today 24 PRINT

পরিকল্পনা মন্ত্রীর মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ৫ জন রিমান্ডে

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুলাই, ২০২১

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ছিনতাইকারী দলের পাঁচ সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে তিনদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

রিমান্ডে যাওয়া পাঁচ জন হলেন- মো. সগির, মো. সুমন মিয়া, মো. জাকির, মো. হামিদ আহম্মেদ সোহাগ আরিফ ও মো. জীবন।

সোমবার তাদের ঢাকার মুখ্যমহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

এরপর মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ধানমন্ডি থানায় পুলিশের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিন করে রিমান্ডের আবেদন জানানো হয়।

শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম মঈনুল ইসলাম তাদের প্রত্যেককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে তিনদিনের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন আদালতের ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মকবুলুর রহমান।

এর আগে গত রোববার ধারাবাহিক অভিযানের এক পর্যায়ে ধানমন্ডি থানার আরেকটি ছিনতাই মামলার তদন্ত করতে গিয়ে পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি আইফোন, বিভিন্ন মডেলের ১০টি ফোন, একটি ল্যাপটপ ও মোবাইলের ভাঙা বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।

উল্লেখ্য গত ২১ মে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান নিজ দপ্তর থেকে বেইলি রোডের বাসায় ফেরার পথে বিজয় সরণি ট্রাফিক সিগন্যালে সন্ধ্যা ৭টার দিকে গাড়ির জানালা খুলে ফোনে কথা বলছিলেন। এ সময় এক ছিনতাইকারী মন্ত্রীর মোবাইল নিয়ে পালিয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.