Sylhet Today 24 PRINT

ট্রাক্টরে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০২১

কুমিল্লার চান্দিনায় বালুবোঝাই একটি ট্রাক্টরে কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই ২ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন ৩ জন। তাদের হাসপাতালে নেওয়ার পথে কাভার্ড ভ্যানচালক মারা যান।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম।

নিহতরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের আবদুল জলিলের ছেলে নুরুল ইসলাম (৫৫), ঢাকা সাভার এলাকার আবদুল খালেকের ছেলে ফয়জার রহমান (৩৯) ও ও কাভার্ডভ্যান চালক লিটন (৪০)। গুরুতর আহত অবস্থায় ট্রাক্টরচালক আমির হোসেনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক-সংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু ওঠাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরকে ধাক্কা দিলে কাভার্ড ভ্যানটিও উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে নুরুল ও ফয়জার নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে কাভার্ড ভ্যানচালক নিহত হন।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির এএসআই শহিদুল জানান, এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের অবস্থা গুরুতর। পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ পরিদর্শক সুজন জানান, হাসপাতাল থেকে নিশ্চিত করা হয়েছে হাসপাতালে নেওয়ার পথে কাভার্ড ভ্যানচালক মারা গেছেন। বিস্তারিত পরে জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.