Sylhet Today 24 PRINT

হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে পাঁচ মামলা হচ্ছে

সিলেটটুডে ডেস্ক: |  ৩০ জুলাই, ২০২১

আওয়ামী লীগ থেকে পদ হারানো ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে পাঁচটি মামলা করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি জানান, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, বিশেষ ক্ষমতা আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ও টেলিযোগাযোগ আইনে মামলাগুলো দায়ের করা হবে।

এরআগে বৃহস্পতিবার রাতে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালায় র‌্যাব। তার বাসা থেকে ক্যাসিনো খেলার সরঞ্জাম, বিপুল পরিমাণ মাদক, একটি হরিণের চামড়া, একটি বন্য পশুর চামড়া, ১০ ধরনের বিদেশি চাকু, বিপুল সংখ্যক বিদেশি মুদ্রা, দুটি ওয়াকিটকি ও একটি লাল রঙের লাগেজ ভর্তি অবৈধ জিনিস উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে গভীর রাতে তার জয়যাত্রা আইপি টিভি ও জয়যাত্রা ফাউন্ডেশন ভবনেও অভিযান চালানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.