Sylhet Today 24 PRINT

শিক্ষাবিদ নাজমা চৌধুরীর প্রয়াণ

সিলেটটুডে ডেস্ক |  ০৮ আগস্ট, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী মারা গেছেন।  রোববার (৮ আগস্ট) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজই দুপুরে আসরের নামাজের পর রাজধানীর গুলশানে আজাদ মসজিদে তার জানাজা হবে। এরপর বনানী কবরস্থানে শেষ নিদ্রায় শায়িত হবেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক বুশরা সুলতানা জানান, অধ্যাপক নাজমা চৌধুরী কোভিড আক্রান্ত হয়ে রোববার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা হবে।

নাজমা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। দেশের নারীশিক্ষা ও নারী অধিকার আদায়ের আন্দোলনে বিশেষ অবদান রয়েছে নাজমা চৌধুরীর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা।

তার সম্পাদিত বই উইমেন অ্যান্ড পলিটিকস ওয়ার্ল্ডওয়াইড ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে প্রকাশিত শ্রেষ্ঠ প্রকাশনা হিসেবে আমেরিকান পলিটিকাল সায়েন্স অ্যাসোসিয়েশন কর্তৃক পুরস্কৃত হয়।

নাজমা চৌধুরী ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তাকে ‘রোকেয়া চেয়ার’ সম্মাননায় ভূষিত করে। ২০০৮ সালে তিনি ভূষিত হন একুশে পদকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.