Sylhet Today 24 PRINT

পরীমনি ও রাজ ফের রিমান্ডে

সিলেটটুডে ডেস্ক |  ১০ আগস্ট, ২০২১

মাদকদ্রব্য আইনে করা মামলায় ঢালিউডের আলোচিত নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপু এবং  কথিত প্রযোজক নজরুল ইসলাম রাজকে ফের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত এই রিমান্ডের আদেশ দেন। এতে পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে দুই দিনের ও প্রযোজক নজরুল ইসলাম রাজের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এদিন দুপুরে চার দিনের রিমান্ড শেষে রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মাদক মামলার পাঁচদিনের রিমান্ড আবেদন করে সিআইডি। এছাড়া বনানী থানার পর্নোগ্রাফি আইনের করা মামলায় রাজকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মাদক মামলায় দুদিন ও পর্নোগ্রাফি আইনের মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৫ আগস্ট রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ রাজের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে বনানী থানার মাদকের মামলায় চারদিনের রিমান্ড শেষে পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে আদালতে হাজির করে একই মামলায় আবারও পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের জন্য আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার পরীমনি ও রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করে।

উল্লেখ্য, বুধবার বিকালে পরীমনির বনানীর বাসায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে যান র‍্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আটক করে র‍্যাব সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র‍্যাব।এ ঘটনায় পরের দিন পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে র‍্যাব বাদী হয়ে একটি মামলা করেন।

এরপর রাত সাড়ে ৮টার দিকে প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান শুরু করে র‍্যাব। পরীমনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যে র‍্যাব ওই অভিযানে যায় বলে জানায়। প্রায় দুই ঘণ্টার অভিযান শেষে রাজকে বনানীর বাসা থেকে আটক করে রাত ১০টা ১৫ মিনিটের দিকে নিয়ে যান র‍্যাব সদস্যরা। রাজের বাসা থেকেও মাদক এবং পর্নোগ্রাফি তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা জানায় র‍্যাব।এ ঘটনায় রাজের বিরুদ্ধে মাদক দ্রব্য আইন ও পর্নোগ্রাফি আইনে পৃথক দুইটি মামলা করে র‍্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.