Sylhet Today 24 PRINT

পদ্মা সেতুর নিচ দিয়ে ভারি যানবাহন নিয়ে ফেরি চলাচল বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ১০ আগস্ট, ২০২১

পদ্মা সেতুর নিচ দিয়ে ভারি যানবাহন নিয়ে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। এখন থেকে সেতুর নিচ দিয়ে শুধুমাত্র হালকা যান নিয়ে ফেরি চলাচল করতে পারবে।

মঙ্গলবার (১০ আগস্ট) সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ কথা জানান।

নৌপ্রতিমন্ত্রী বলেন, এখন থেকে সেতুর নিচ দিয়ে শুধুমাত্র হালকা যানবাহন নিয়ে ফেরি চলাচল করবে। আর ভারি যান নিয়ে বিকল্প পথে ফেরি চলবে। আজকে থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

খালিদ মাহমুদ চেৌধুরী বলেন, আমরা খুবই বিব্রত। দুঃখজনক হলেও বলতে হচ্ছে পরপর দুবার সংঘর্ষ হয়েছে। শিমুলিয়া বাংলাবাজার রুটে তীব্র স্রোতের কারণে চলাচল দুরূহ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ফেরি চলাচলে যে সক্ষমতা সেটা আমাদের নেই।

তিনি বলেন, স্রোতের তীব্রতা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কোনো ভারি যানবাহন পারাপার হবে না শিমুলিয়া বাংলাবাজার রুটে। অ্যাম্বুলেন্স ও হালকা যান পারাপার হবে। যাত্রীবাহী যান পারাপার হবে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট দিয়ে। পণ্যবাহী যান পারাপারে চাঁদপুরের হরিণাকে ঘাট ব্যবহার করতে হবে। এসব ঘাটে ফেরির সংখ্যা বাড়ানো হবে।

সোমবার সন্ধ্যায় পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আঘাত হানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় ২০ যাত্রী আহত হন। ওই ঘটনায় দুই জনকে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৫ সদস্যের কমিটি।

এর আগে গত ২৩ জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহ জালাল। এতে ২০ জন যাত্রী আহত হন। ফেরিটি মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে রওনা দিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.