Sylhet Today 24 PRINT

রন সিকদারকে অব্যাহতির সুপারিশ

সিলেটটুডে ডেস্ক |  ১১ আগস্ট, ২০২১

এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে হত্যাচেষ্টা মামলায় সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবুল হক সিকদার বা রন হক সিকদার এবং তার ছোটো ভাই দিপু হক সিকদারকে অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে মামলাটির তদন্ত সংস্থা ডিবি পুলিশ।

গত ২৬ জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. রিপন উদ্দিন।

মঙ্গলবার রাতে গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আলমগীর হোসেন চূড়ান্ত প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে এই দুই আসামিকে অব্যাহতির আবেদনে বলা হয়েছে, বাদী-বিবাদীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। নিজেদের ভুল বুঝতে পেরে তারা একটি সমঝোতা চুক্তি করেছেন।

এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সিকদার গ্রুপ অব কোম্পানিজের এমডি রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে গত বছর ১৯ মে গুলশান থানায় মামলা করেন এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের পরিচালক লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম।

মামলায় অভিযোগ করা হয়, ৫০০ কোটি টাকা ঋণ প্রস্তাবকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে ৭ মে। এই ঋণের বিপরীতে বন্ধকি সম্পত্তি পরিদর্শনের নামে এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে ডেকে আনা হয়েছিল। এ সময় জামানত হিসেবে ওই সম্পত্তির বন্ধকি মূল্য কম উল্লেখ করেন ব্যাংকটির এমডি ও অতিরিক্ত এমডি। এরপরই গুলি ও মারধরের ঘটনা ঘটে। রন হক সিকদার ও দিপু হক সিকদার ব্যাংকটির এমডির কাছে একটি সাদা কাগজে জোর করে স্বাক্ষরও নেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.