Sylhet Today 24 PRINT

দেশে তরুণদের প্রতি পাঁচজনে একজন হৃদরোগের ঝুঁকিতে

সিলেটটুডে ডেস্ক: |  ১৩ আগস্ট, ২০২১

ছবি: বাংলা ট্রিবিউন।

বাংলাদেশে তরুণদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার উচ্চ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গবেষণা অনুযায়ী, দেশে প্রতি পাঁচজন তরুণের মধ্যে একজন হৃদরোগ ঝুঁকির মধ্যে রয়েছেন। এর অন্যতম কারণ খাদ্যে উচ্চমাত্রার শিল্পোত্পাদিত ট্রান্সফ্যাট।  অবিলম্বে ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণ প্রবিধানমালা চূড়ান্ত করা না গেলে ট্রান্সফ্যাটঘটিত হৃদরোগ ঝুঁকি আশংকাজনক হারে বাড়তে থাকবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা।

বৃহস্পতিবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘ট্রান্সফ্যাটমুক্ত বাংলাদেশ অর্জনে যুব সমাজের ভূমিকা’ শীর্ষক ওয়েবিনারে বক্তারা এমন আশঙ্কার কথা তুলে ধরেন। প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ যৌথভাবে এই ওয়েবিনারের আয়োজন করে।

ওয়েবিনারে মূল উপস্থাপনা তুলে ধরেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ডা. শেখ মোহাম্মদ মাহবুবুস সোবহান এবং প্রজ্ঞা’র ট্রান্সফ্যাট বিষয়ক প্রকল্প সমন্বয়ক মাহমুদ আল ইসলাম শিহাব। দেশের বিভিন্ন স্থান থেকে অংশ নেয়া তরুণদের সাথে ওয়েবিনারে উপস্থিত ছিলেন মো. রূহুল কুদ্দুস, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

ওয়েবিনারে জানানো হয়, ট্রান্সফ্যাট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটি খাদ্য উপাদান। ডালডা বা বনস্পতি ঘি এবং এটি দিয়ে তৈরি বিভিন্ন খাবার, ফাস্টফুড ও বেকারি পণ্যে ট্রান্সফ্যাট থাকে। এছাড়াও ভাজা-পোড়া খাবার তৈরিতে একই তেল বার বার ব্যবহার করলে ট্রান্সফ্যাট তৈরি হয়, যা হৃদরোগ ও হৃদরোগজনিত অকাল মৃত্যুঝুঁকি বাড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২৩ সালের মধ্যে বিশ্বের খাদ্য সরবরাহ শৃঙ্খল থেকে ট্রান্সফ্যাট নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে বলেও ওয়েবিনারে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.