সিলেটটুডে ডেস্ক | ১৩ আগস্ট, ২০২১
চারদিনের ব্যবধানে আবারও পদ্মা সেতুর একটি পিলারে ফের ধাক্কা দিয়েছে আরও একটি ফেরি। শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটগামী ‘কাকলী’ নামের একটি ফেরি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়।
বিষয়টি নিশ্চিত করে সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের জানান, “ফেরির ধাক্কায় পদ্মা সেতুর ১০ নম্বর খুঁটির পাইল ক্যাপের সামান্য কিছু অংশের কংক্রিট উঠে গেছে। এতে সেতুর তেমন কোনো ক্ষতি না হলেও এমন ঘটনা গ্রহণযোগ্য নয়। ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের বড় ক্ষতি হতে পারত। এটা অত্যন্ত দুঃখজনক।”
এ বিষয়ে ফেরি কাকলির চালক মো. বাদল হোসেন বলেন, “পদ্মা সেতুর ১১-১২ খুঁটির মাঝখান দিয়ে আসার কথা ছিল। কিন্তু পদ্মায় প্রচণ্ড স্রোত থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেরি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা খায়। তাতে ফেরির একপাশে ফাটল ধরে। তবে ফাটল পানির স্তরের উপরে থাকায় ফেরিতে পানি ওঠেনি।”
এরআগে গত ৯ অগাস্ট রাতে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা খায়। তাতে ফেরিতে থাকা দুটি প্রাইভেটকার ও একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয় এবং ফেরির পাঁচ যাত্রী আহত হন। তার আগে গত ২৩ জুলাই মাদারীপুরের বাংলাবাজারঘাট থেকে শিমুলিয়ায় আসার পথে একটি ফেরি সেতুর ১৭ নম্বর পিলারে আঘাত করেছিল।
সেসব ঘটনায় থানায় জিডি করার পাশাপাশি চালকদের সাময়িক বরখাস্ত করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনেও চালকদের অসতর্কতা ও অবহেলাকে দায়ী করা হয়।