Sylhet Today 24 PRINT

কারাগারে পরীমণি

সিলেটটুডে ডেস্ক: |  ১৩ আগস্ট, ২০২১

জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর চিত্রনায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার শরীফুল ইসলাম বলেন, বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে পরীমণিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছে। পরে তাকে মহিলা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

জামিন আবেদন নাকচ হওয়ার পর শুক্রবার বিকেল ৪টা ১২ মিনিটে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে পরীমণিকে নিয়ে কারাগারের উদ্দেশ্যে রওনা হয় পুলিশ।

শুক্রবার বেলা তিনটায় মামলার শুনানিতে চিত্রনায়িকা পরীমণির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক গোলাম মোস্তফা আসামিদের জামিন না দেওয়ার জন্য আদালতে আবেদন করেন।

এতে বলা হয়েছে, দুই দফা রিমান্ডে পরীমণি ‘গুরুত্বপূর্ণ’ তথ্য দিয়েছেন। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামি শামসুন্নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমণিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

আবেদনে আরও বলা হয়, আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টি হতে পারে। এমনকি পালিয়ে যাওয়ার আশঙ্কাও আছে।

এদিকে পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত তার জামিন আবেদন করেন। তিনি রিমান্ড আবেদন বাতিল করে পরীমণিকে জামিন দেওয়ার আবেদন করেন আদালতে।

পরীমণির আইনজীবী মজিবুল হক সাংবাদিকদের জানিয়েছেন, পরীমণির সঙ্গে পরবর্তীতে আলোচনা করে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ৪ আগস্ট পরীমণির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে ও দীপুকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বনানী থানায় মামলা করে র‌্যাব। মামলাটি সিআইডি তদন্ত করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.