সিলেটটুডে ডেস্ক: | ১৩ আগস্ট, ২০২১
গাজীপুরে গ্যাসের ট্যাংকবাহী লরি ও ট্রেনের সংঘর্ষের পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে গাজীপুর নগরের মীরের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জিএমআই এলপিজি গ্যাসের একটি লরি মিরেরবাজার রেললাইন পার হওয়ার সময় যাত্রীবাহী তিতাস ট্রেনের সঙ্গে সরাসরি ধাক্কা লাগে। এতে গ্যাসবাহী লরির পেছনের অংশ ভেঙে যায়।
রেলওয়ের ওই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের সব ধরনের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত লরিটি সরিয়ে নেওয়ার কাজ করছেন।