Sylhet Today 24 PRINT

করোনায় মারা গেলেন ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি আবদুর রহিম

সিলেটটুডে ডেস্ক |  ১৫ আগস্ট, ২০২১

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক ও চোরাচালান মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার (অব.) আবদুর রহিম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার (১৫ আগস্ট) ভোরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবদুর রহিমের করোনা শনাক্ত হওয়ায় ৩১ জুলাই তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়েছে।

অস্ত্র আটকের ঘটনায় ২০০৪ সালের ৩ এপ্রিল কর্ণফুলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদুর রহমান বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় এবং ১৮৭৮ সালের ১৯(এ) ধারায় অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেছিলেন। ২০১৪ সালের ৩০ জানুয়ারি আদালত সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ ১৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পাশাপাশি প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া, অস্ত্র আটক মামলার দুটি ধারায় তাদের যাবজ্জীবন ও সাত বছর কারাদণ্ড হয়েছিল।

অস্ত্র চোরাচালান মামলার মোট আসামি ছিলেন ৫২ জন। এদের মধ্যে ৩৮ জনকে আদালত মুক্তি দেন। মৃত্যুদণ্ড পাওয়া বাকি আসামিরা হলেন— উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া, সাবেক শিল্পসচিব নুরুল আমিন, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার (অব.) আবদুর রহিম, পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাব উদ্দিন আহাম্মদ, উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, এনএসআইয়ের মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার, মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক, হাফিজুর রহমান, দীন মোহাম্মদ ও হাজি আবদুস সোবহান।

মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.