Sylhet Today 24 PRINT

ব্যাংক কর্মকর্তাদের ‘মানহানি’, সিটি ব্যাংকের মামলা

সিলেটটুডে ডেস্ক |  ১৫ আগস্ট, ২০২১

অভিনেত্রী পরীমণির সঙ্গে সিটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের জড়িয়ে কিছু সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা তথ্য’ প্রচারকারীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে সিটি ব্যাংক।

শনিবার রাতে সিটি ব্যাংকের প্রথম সহ–সভাপতি ও হেড অব কোর্ট অপারেশন (প্রধান আইন কর্মকর্তা) গাজি এম শওকত হাসান রাজধানীর গুলশান থানায় বাদী হয়ে মামলাটি করেন। ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/২৫ /২৬ ও ২৯ ধারায় অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, পরীমণি ইস্যুতে সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের চরিত্র হনন করে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট) মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে। এতে ব্যাংক, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক এবং অন্য কর্মকর্তাদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

অভিযোগ, পরস্পর যোগসাজশে অজ্ঞাতনামা আসামিরা সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য কর্মকর্তাদের অনুমতি ছাড়াই বানোয়াট তথ্য ব্যবহার করে ফেসবুক, ইউটিউব চ্যানেল ও অন্যান্য ওয়েবসাইটে মিথ্যা এবং মানহানিকর তথ্য প্রচার করছে।

সিটি ব্যাংকের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা, ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিনকে সমাজের চোখে হেয়প্রতিপন্ন করাসহ ব্যাংক থেকে অসাধু উপায়ে অর্থ আদায়ের হীন উদ্দেশ্য বাস্তবায়নে মিথ্যা, মানহানিকর তথ্য দিয়ে ভিডিও তৈরি করে অপপ্রচার করা হচ্ছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান জানান, এজাহারে চারটি ফেসবুক ও আটটি ইউটিউব লিংকের তথ্য দিয়েছে সিটি ব্যাংক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.