Sylhet Today 24 PRINT

পরীমনির জামিন শুনানি বুধবার

সিলেটটুডে ডেস্ক |  ১৬ আগস্ট, ২০২১

মাদক মামলায় কারাগারে থাকা আলোচিত চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনির জামিনের বিষয়ে শুনানির জন্য আগামী বুধবার (১৮ আগস্ট) দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১৬ আগস্ট) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত এ আদেশ দেন। পরিমনির আইনজীবী মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির জন্য আগামী ১৮ আগস্ট দিন ধার্য করেন।

বনানী থানায় মাদকের মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালতে গত ১৩ আগস্ট পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে আটক পাঠানোর নির্দেশ দেন আদালত।

গত ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র‍্যাব সদর দফতরে। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।

ওই মামলায় গত ১০ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত তাদের প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং গত ৫ আগস্ট একই মামলায় পরীমনি ও আশরাফুল ইসলাম দীপুর চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.