Sylhet Today 24 PRINT

আফগানিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা

সিলেটটুডে ডেস্ক |  ১৬ আগস্ট, ২০২১

আফগানিস্তানে উদ্ভূত পরিস্থিতি আঞ্চলিক সমস্যায় পরিণত হতে পারে বলে আশংকা করছে বাংলাদেশ। তালেবানরা কাবুল দখলের পর পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে ঢাকা।

সোমবার (১৬ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কাবুলের উদ্ভূত পরিস্থিতি কেবল আঞ্চলিকই নয়, এর বাইরেও ছড়িয়ে পড়তে পারে।

বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ এবং আফগানিস্তান ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভাবে একে অপরের সঙ্গে সম্পৃক্ত। দেশটি সার্কের স্থায়ী সদস্য এবং দক্ষিণ এশিয়ার অবিচ্ছেদ্য অংশ। মহান মুক্তিযুদ্ধের সময় আফগানিস্তানের সরকার ও জনগণের দ্বারা বাংলাদেশকে দেয়া অমূল্য সহায়তার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে ঢাকা।’

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর দূরদর্শী নীতি বাস্তবায়নের জন্য বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা আঞ্চলিক উন্নয়নকে টেকসই করবে এবং এই অঞ্চলকে একইসঙ্গে সমৃদ্ধ করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ বিশ্বাস করে,একটি গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক আফগানিস্তানে এর জনগণের দ্বারা নির্বাচিত সরকারই দেশটির স্থিতিশীলতা ও উন্নয়নের একমাত্র গ্যারান্টি।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, আফগানিস্তানের জনগণের উপরেই তাদের দেশ পুনর্নির্মাণ এবং ভবিষ্যতের গতিপথ নির্ধারণের দায় রয়েছে। এ কাজ তাদেরই করতে হবে। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য আফগানিস্তানের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ চালিয়ে যেতে পারলে বাংলাদেশ খুশি হবে।

বিবৃতিতে আফগানিস্তানে বিদেশি নাগরিকসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.