সিলেটটুডে ডেস্ক | ১৭ আগস্ট, ২০২১
আফগানিস্তানে অবৈধভাবে ক্ষমতা দখলকারী জঙ্গি সন্ত্রাসী তালেবানদের স্বীকৃতি না দেয়ার দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এছাড়াও তালেবানদের ক্ষমতা দখল এবং এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের পাকিস্তানপন্থী জামায়াত-হেফাজত শিবিরের উল্লাসে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্র, জেলা, উপজেলা ও বৈদেশিক শাখাসমূহের শতাধিক নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধি সভা থেকে এই দাবি জানানো হয়।
সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু জঙ্গি মৌলবাদী সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতি ঘোষণা করেছেন, সেহেতু আমরা আফগানিস্তানে মৌলবাদী সন্ত্রাসী তালেবানদের অবৈধ ক্ষমতা দখলকে স্বীকৃতি প্রদান না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আফগানিস্তানে তালেবানদের বর্বরতার শিকার বিপন্ন মানুষ বিশেষভাবে আফগান নারী এবং উদারনৈতিক বুদ্ধিজীবী, সমাজকর্মী, সংস্কৃতিসেবী, রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। নির্মূল কমিটি সব সময় জঙ্গি মৌলবাদের বিরুদ্ধে সংগ্রামরত আফগান জনগণের পক্ষে থাকার ঘোষণা পুনর্ব্যক্ত করছে।
সভায় আরও বলা হয়, আফগানিস্তানে তালেবানদের ক্ষমতাদখল বিশ্বের বিভিন্ন দেশে জঙ্গি মৌলবাদী সন্ত্রাসীদের নতুনভাবে উৎসাহিত করেছে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় এসে জঙ্গিবাদ মোকাবিলায় যে আঞ্চলিক টাস্কফোর্স গঠনের প্রস্তাব করেছিলেন আজকের সভা এ বিষয়ে সরকারকে বিশেষভাবে উদ্যোগী হওয়ার আহ্বান জানাচ্ছে। নির্মূল কমিটি ইতোমধ্যে দক্ষিণ এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশের সমমনা সংগঠন সমূহকে এক মঞ্চে একত্রিত করার উদ্যোগ গ্রহণ করেছে।
নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, লেখক কলামিস্ট সৈয়দ মাহবুবুর রশিদ, মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল বারক আলভী, সমাজকর্মী কাজী মুকুল, ব্যারিস্টার ড. তুরিন আফরোজ, লেখক সাংবাদিক সাব্বির খান, সাংবাদিক শওকত বাঙালি, উপাধ্যক্ষ কামরুজ্জামান, শহীদসন্তান অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী শম্পা, নির্মূল কমিটির সর্বইউরোপীয় শাখার সভাপতি মানবাধিকারকর্মী তরুণ কান্তি চৌধুরী, লেখক আলী আকবর টাবী, মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্ত্তী, মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ, শহীদসন্তান আসিফ মুনীর তন্ময়, অধ্যাপক ডা. মামুন আল মাহতাব, সংগীত শিল্পী জান্নাত-ই ফেরদৌসী, অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, ডা. মফিজুল ইসলাম মান্টু, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, সাংবাদিক দিলীপ মজুমদার, তুরস্ক শাখার সাধারণ সম্পাদক লেখক চলচ্চিত্র নির্মাতা শাকিল রেজা ইফতি, অনলাইন এ্যাক্টিভিস্ট লীনা পারভীনসহ সংগঠনের নেতৃবৃন্দ।