Sylhet Today 24 PRINT

কোটি টাকার আইস ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৯

সিলেটটুডে ডেস্ক |  ১৮ আগস্ট, ২০২১

রাজধানীর যাত্রাবাড়ী ও মোহাম্মদপুরে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে অত্যাধুনিক মাদক আইস (ক্রিস্টাল ম্যাথ) ও ইয়াবাসহ ৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর গোয়েন্দা গুলশান ও মিরপুর বিভাগ।

বুধবার (১৮ আগস্ট) বেলা ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, মঙ্গলবার মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৭ জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা গুলশান বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. নাজিম উদ্দিন, মো. আব্বাস উদ্দিন, মো. নাছির উদ্দিন, মোছা শিউলি আক্তার, মোছা. কোহিনুর বেগম, সনজিত দাস ও মো. হোসেন আলী।

এ সময় তাদের হেফাজত হতে ৫০০ গ্রাম আইস, ৬৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি প্রাইভেট কার উদ্ধার করা হয়। জব্দ আইসের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

একই দিনে যাত্রাবাড়ীর শনির আখড়ায় অপর এক অভিযানে ২৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা মিরপুর বিভাগ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোছা. রাশিদা বেগম ও মোছা. মৌসুমী আক্তার। এ সময় তাদের হেফাজত হতে ২৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, উদ্ধারকৃত মাদক আইস মাদকসেবীদের নিকট ক্রিস্টাল মেথ বা ডি মেথ নামে সর্বাধিক পরিচিত। এটি একটি স্নায়ু উত্তেজক মাদক। আইস মারাত্মক উত্তেজনাকর ও গুরুতর স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ একটি ব্যয়বহুল মাদক। এটি গ্রহণে হরমোন উত্তেজনা স্বাভাবিক সময়ের চেয়ে বহুগুণ বৃদ্ধি পায়, ফলে শারীরিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আইস ও ইয়াবা ট্যাবলেট কক্সবাজার হতে ক্রয় করে চট্টগ্রাম নিয়ে আসে। এরপর মোংলা বন্দর অভিমুখী এলপিজি গ্যাস সিলিন্ডার বহন করা একটি বড় ট্রাকের মাধ্যমে চট্টগ্রাম হতে উদ্ধারকৃত মাদক কুমিল্লায় নিয়ে আসে। পরবর্তীতে প্রাইভেটকারযোগে আনা হয় ঢাকায়। রাজধানীর অভিজাত এলাকাগুলোতে এই মাদক বিক্রয় করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.