Sylhet Today 24 PRINT

অধ্যাপক আসিফ নজরুলের কক্ষে মুক্তিযুদ্ধ মঞ্চের তালা

সিলেটটুডে ডেস্ক: |  ১৮ আগস্ট, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।

জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগ এনে বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে গিয়ে এই অধ্যাপকের অফিস কক্ষে তালা লাগিয়ে দেন  তারা।

এরআগে অধ্যাপক আসিফ নজরুলকে গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করার দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচির আয়োজন করেন মঞ্চের নেতৃবৃন্দ। সেখানে তারা অধ্যাপক আসিফ নজরুলের কুশপুত্তলিকা দাহ করেন।

মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রোমান হোসাইন, মাকসুদ হাওলাদার, শাহীন মাতবরসহ প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মৌলবাদের মদদদাতা আসিফ নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। শিক্ষক নামের কলঙ্ক আসিফ নজরুলকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। জঙ্গি তালেবানের সমর্থনে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অপরাধে আসিফ নজরুলকে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুতসহ দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

কর্মসূচি শেষে তারা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে গিয়ে অধ্যাপক আসিফ নজরুলের কক্ষে তালা লাগিয়ে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.