Sylhet Today 24 PRINT

আদালতে পরীমণি

সিলেটটুডে ডেস্ক |  ১৯ আগস্ট, ২০২১

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মাদক মামলায় তৃতীয় দফায় রিমান্ড শুনানি আজ বৃহস্পতিবার। সকাল ৯টার কিছু আগে পরীমণিকে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ রিমান্ড শুনানি হবে।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী বলেন, আজ তৃতীয় দফায় পরীমণির পাঁচ দিনের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ১৬ আগস্ট মামলার তদন্ত সংস্থা সিআইডি পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট মাদক মামলায় পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে গত ১৬ আগস্ট পরীমণির আইনজীবী মজিবুর রহমান জামিনের আবেদন করেন। এরপর বিচারক আবেদন বিষয়ে গতকাল বুধবার শুনানির জন্য দিন ধার্য করেছিলেন।

১০ আগস্ট পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস। ৫ আগস্ট পরীমণি ও দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।

মাদক মামলায় ১৩ আগস্ট পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই দিন সন্ধ্যা ৭টায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। এখন তিনি সেখানেই আছেন।

কারা সূত্র জানায়, নায়িকা পরীমণিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের কোয়ারেন্টিন সেন্টারে (রজনীগন্ধা ভবন) রাখা হয়েছে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু তিনি ডিভিশনপ্রাপ্ত হননি তাই কোয়ারেন্টিন সময় পার হওয়ার পর তাকে অন্য বিচারাধীন সাধারণ বন্দীর সঙ্গেই রাখা হবে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.