Sylhet Today 24 PRINT

তিউনিসিয়া থেকে দেশে ফিরেছেন ১৩ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক |  ১৯ আগস্ট, ২০২১

ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৩ বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ১.১৫ মিনিটে টার্কিশ এয়ারওয়েজের (TK 722) বিমান যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা অবতরণ করেন বলে জানিয়েছেন ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান।

মানব পাচারের শিকার এই ভুক্তভোগীদের ঠিকানা যাচাই বাছাইয়ের জন্য বর্তমানে বিমানবন্দর ইমিগ্রেশনের তত্বাবধানে আছেন। বিমানবন্দরের প্রবাসী কল্যান ডেস্কের সহযোগিতায় তাদের খাবার-পানিসহ জরুরি সব সহায়তা দিচ্ছ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।

দেশে ফেরা ১৩ কর্মীর মধ্যে শরিয়তপুরের ৯, মাদারীপুর ২, চাঁদপুরের ১ ও কুমিল্লা জেলার ১ জন রয়েছেন। এরা হলেন, শরিয়তপুরের মোশাররফ খান, সাগর চন্দ্র বর্মন, সামিম খা, রমজান সুয়েল, নাজমুল ফকির, মোঃ শাকিল হোসেন, সিপন হাওলাদার, সালাম হাওলাদার ও অনিক বেপারী। মাদারীপুরের রাশেদুল ইসলাম ও শাকিল লসকর। চাঁদপুরের আবুল হোসেন এবং কুমিল্লার মোস্তফা কামাল।

ভুক্তভোগীরা জানান, চলতি বছরের শুরু দিকে দুবাই ভিজিট ভিসা নিয়ে প্রথমে দুবাই এরপর দুবাই থেকে লিবিয়া তারপর তিউনিসিয়া গিয়েছিলেন। সকলেই তিউনিসিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন।

এর আগে গত ১ জুলাই ১৭ জন এবং ২৪ মার্চ ৭ জন বাংলাদেশি একই পরিস্থিতির শিকার হয়ে দেশে ফিরে আসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.