সিলেটটুডে ডেস্ক | ১৯ আগস্ট, ২০২১
ইউএনওর বাসায় হামলার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে বরিশালে। বরিশাল নগরীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য ১০ প্লাটুন বিজিবি ও ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা প্রশাসক।
তিনি বলেন, ‘খুলনা থেকে ১০ প্লাটুন বিজিবি রওনা হয়েছে। রাতের মধ্যে বরিশালে বিজিবি মোতায়েন করা হবে। আশপাশের জেলা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আসার সম্ভাবনা রয়েছে। তারা সবাই এ পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত হবেন।’
শোক দিবসের ব্যানার অপসারণের জেরে বুধবার রাতে সিটি করপোরেশন ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের (ইউএনও) আনসার বাহিনী ও পুলিশের সংঘর্ষ হয়। এতে অনেকে হতাহত হয়েছেন।
এ ঘটনার জেরে বৃহস্পতিবার ভোর থেকে বরিশালে লঞ্চ ও বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। সাত ঘণ্টা পর বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।