Sylhet Today 24 PRINT

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, স্বামী-স্ত্রী আহত

সিলেটটুডে ডেস্ক: |  ২০ আগস্ট, ২০২১

আহত বক্কর। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাথুয়া গ্রামে নিজ বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণে স্বামী-স্ত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় ওই বাড়ির টিনের চালা উড়ে গেছে।

আহতরা হলেন বক্কর (২৭) ও তার স্ত্রী মধুবালা (২৪)। এর মধ্যে আবু বক্করকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দৌলতপুর বিলগাথুয়া গ্রামের বাসিন্দা আবু বক্কর ও তার স্ত্রী মধুবালা নিজ বাড়িতে বোমা তৈরি করছিলেন। এ সময় প্রচণ্ড শব্দে বোমা বিস্ফোরিত হয়। এতে বক্কর ও তার স্ত্রী মধুবালা আহত হন। ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আহত আবু বক্করের অবস্থা আশঙ্কাজনক। তবে তার স্ত্রী মধুবালাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বোমা বিস্ফোরণের ঘটনায় ওই বাড়ির টিনের চালা উড়ে গেছে। এ ঘটনায় বিলগাথুয়া গ্রামের আবুল কালাম, বিকু ও রায়হানকে জিজ্ঞাসাবাদের আটক করেছে পুলিশ।

কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালের আএমও ডাক্তার আশরাফুল আলম জানান, বোমায় আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। বোমা বিস্ফোরণে তার বাম হাত মারাত্মক ক্ষতিগ্রস্তসহ বুক, পিঠ ও শরীরের বিভিন্ন জায়গা গুরুতর জখম হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম জানান, ঘটনার পেছনে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। আহত আবু বক্কর একজন চিহ্নিত মাদককারবারী। প্রতিপক্ষকে ঘায়েল কিংবা আত্মরক্ষার জন্য বোমা তৈরি করছিল বলে ধারনা করা হচ্ছে।

সূত্র: ইত্তেফাক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.