Sylhet Today 24 PRINT

পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ আদালতের

সিলেটটুডে ডেস্ক |  ২১ আগস্ট, ২০২১

মাদক আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণির রিমান্ড শেষে তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। শনিবার (২১ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আদালত পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (১৮ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির তৃতীয় দফায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিন দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

একদিনের রিমান্ড শেষে শনিবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা ফের রিমান্ড না চেয়ে পরীমণিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এর আগে গত ৪ আগস্ট বিকেলে বনানীর ১২ নম্বর রোডে পরীমণির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয় বলে দাবি করে র‍্যাব।

এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর আবারও ১৯ আগস্ট একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.