Sylhet Today 24 PRINT

বিজিবির অভিযানে ভেস্তে গেল চট্টগ্রামে নাশকতার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৫

 ওরা পেশাদার অপরাধী চক্র।  পেট্রল বোমা ও ককটেল তৈরি করে। টাকার বিনিময়ে বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টি করে। মঙ্গলবার চট্টগ্রামের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির পরিকল্পনা ছিল ওদের। কিন্তু সোমবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ওদের নাশকতার পরিকল্পনা ভেস্তে দেয়। 

সোমবার রাতে টাইগারপাস রেলওয়ে কলোনি বস্তিতে অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে ছয়জনকে আটক করে বিজিবি। 

আটককৃতরা হলেন জাহাঙ্গীর আলম (৩৮), ওসমান গণি (৩০), আবুল কালাম (৪০), মো. হারুন মিয়া (১৮), শরীফ খান (৩৫) ও মো. মুন্না (৩৩)। 

এ সময় তাদের কাছ থেকে ৮টি পেট্রল বোমা, ২টি ককটেল, ২টি রামদা, ৭টি কিরিচ, ৯টি লোহার পাইপ, রশি উদ্ধার করা হয়। 

বিজিবির দক্ষিণ পূর্বাঞ্চলের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) মেজর সাব্বির আহমেদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ও পেট্রল বোমা উদ্ধার করতে রেলওয়ে কলোনিতে অভিযান চালানো হয়। এসময় পেট্রল বোমা, ককটেল, রামদাসহ ছয়জনকে গ্রেফতার করা হয়। 

তিনি আরও জানান, আটককৃতদের পরিকল্পনা ছিল মঙ্গলবার চট্টগ্রামের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টি করা। এদের কোন রাজনৈতিক পরিচয় না থাকলেও তারা পেশাদার অপরাধী চক্র।  টাকার বিনিময়ে বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টি করে। রেলওয়ে কলোনিতে ছয়জনসহ সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলা থেকে আরো ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান বিজিবির এ মেজর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.